যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী চার বছরের জন্য উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্যের অর্পিত ক্ষমতাও তিনি প্রয়োগ করবেন।
প্রয়োজন হলে রাষ্ট্রপতি, যিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য, যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।
উল্লেখ্য, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্টস টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
এসআর