[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

ইবিতে ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে ফুয়াদ-তামিম

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ৮:৩১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসানকে আহ্বায়ক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেহার উদ্দিন মো. তামিমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আল-হাদিস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জায়েদ বিন ওসমান মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান বলেন, আল্লাহর রহমতে এ দায়িত্ব পাওয়ায় তিনি কৃতজ্ঞ।

জুলাই আন্দোলনের একজন কর্মী হিসেবে ন্যায়, সত্য, ইনসাফ ও আদর্শের পথে কাজ করার যে অঙ্গীকার করেছিলেন, নতুন দায়িত্বেও তা বজায় রাখবেন বলে জানান। তিনি বলেন, জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ইতিবাচক নেতৃত্ব বিকাশে কাজ করাই তাদের লক্ষ্য।

সদস্য সচিব ইফতেহার উদ্দিন মো. তামিম বলেন, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন।

তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, নবগঠিত কমিটি জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে।

একই সঙ্গে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনায় বিশ্বাসী এবং ফ্যাসিবাদবিরোধী সব বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। মধ্যপন্থী ও ইতিবাচক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর