বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মোহাম্মদ মোশাররফ হোছাইন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের (১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন।
ফেনী সদর উপজেলার বাসিন্দা মোহাম্মদ মোশাররফ হোছাইন কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর