[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

র‌্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ১০:৩৯ এএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে ইতিহাস

 বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১২ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

​বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. আবু আবতাহী অনিক, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসফাক হাদী, নাঈম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল এবং সাইফুল্লাহ মানসুর আনান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী।

​অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৩ জুলাই রাত ১১টা থেকে ৪ জুলাই রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের এই শিক্ষার্থীরা একই বিভাগের ৫৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) কয়েকজন নবীন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিয়ে যান। সেখানে ‘ম্যানার শেখানোর’ নামে নবীনদের কান ধরিয়ে রাখা, অকথ্য ভাষায় গালাগাল এবং বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই আচরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮-এর ৫(৬) ধারার স্পষ্ট লঙ্ঘন। ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় শৃঙ্খলা অধ্যাদেশের ৪(১)(খ) ধারা মোতাবেক অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর