ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে ইসমাইল হোসেন রাহাত পুনর্নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. সুমন হোসেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের জনশক্তিদের এক সভা শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত ইসমাইল হোসেন রাহাত আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
সাধারণ সম্পাদক নির্বাচিত মো. সুমন হোসেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী। এছাড়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. ইমরান হোসেন ও ইসমাইল হোসেন তাকবির।
সভায় সভাপতিত্ব করেন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু।
নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন। সত্য, ন্যায় ও নৈতিকতার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
নতুন কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথি আনোয়ার হোসেন মনজু বলেন, শিক্ষাঙ্গনে সুস্থ ও ইতিবাচক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে নৈতিক ও মেধাবী নেতৃত্ব গড়ে তুলতে সংগঠন কাজ করে যাচ্ছে।
তিনি নবনির্বাচিত নেতাদের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এসআর