[email protected] শুক্রবার, ৩ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩

১৮ জুলাই স্বীকৃতি চেয়ে ববিতে ছাত্রদলের স্মারকলিপি

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ১০:৩১ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ১৮ জুলাইকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত দিবস’ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনের নেতাকর্মীরা উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের উদ্দেশ্যে এ স্মারকলিপি জমা দেন।

 

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দাবি, ওই সময় শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। এ ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।

 

এতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হন। ছাত্রদলের ভাষ্য অনুযায়ী, ওই দিনের প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হওয়া উচিত।

 

স্মারকলিপিতে ১৮ জুলাইকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত দিবস’ হিসেবে সিন্ডিকেটের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে শহীদ ও আহত শিক্ষার্থীদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

 

সংগঠনটি আশা প্রকাশ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিন্ডিকেট সভায় উত্থাপন করবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

এসআর

সম্পর্কিত খবর