বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি) দেশের প্রথম 'ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়' হিসেবে
সিন্ডিকেটের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২রা জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে ছাত্রদল উল্লেখ করে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর ডাক দেয়। এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধের মুখে স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
এতে আরও বলা হয়, বিগত বছরের ১৮ই জুলাই স্বৈরাচারী সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডাররা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালায়। তবে শিক্ষার্থীদের অদম্য সাহসিকতার মুখে তারা পিছু হটে এবং জুলাই আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ করে। ফলে ১৮ই জুলাই দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ফ্যাসিস্ট বাহিনী মুক্ত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়।
স্মারকলিপিতে উত্থাপিত মূল দাবি:
শহীদ ও আহত শিক্ষার্থীদের অসীম সাহসিকতা এবং ত্যাগের স্মৃতিকে ক্যাম্পাসে চিরস্মরণীয় করে রাখতে ১৮ই জুলাই-কে আনুষ্ঠানিকভাবে 'প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত দিবস' হিসেবে সিন্ডিকেট স্বীকৃতি প্রদান করা হোক।
ছাত্রদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, উপাচার্য শিক্ষার্থীদের এই আবেগময় ও যৌক্তিক দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী সিন্ডিকেট সভায় উত্থাপন করবেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এসআর