সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)
ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়। সকাল থেকে নগরের চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি সিটি কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায় পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে কেউ বই-নোটে চোখ বুলাচ্ছিলেন, আবার কেউ সহপাঠীদের সাথে আলোচনা করছিলেন।
কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের চোখেমুখে ছিল উদ্বেগ ও শুভকামনা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীরা জানান, কিছুটা স্নায়ুচাপ থাকলেও তাদের প্রস্তুতি ভালো এবং কেন্দ্রের পরিবেশও সন্তোষজনক।
পরীক্ষার্থী ও কেন্দ্রের পরিসংখ্যান:
মোট পরীক্ষার্থী: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলায় এবার মোট পরীক্ষার্থী ৯৯,৬৮৮ জন, যা গত বছরের (১,০২,৯৭৫ জন) তুলনায় ৩,২৮৭ জন কম।
শহর বনাম উপজেলা: গত বছরের তুলনায় চট্টগ্রাম মহানগরে পরীক্ষার্থী কমেছে ১১,৭৯৭ জন। তবে নগরের বাইরে বিভিন্ন উপজেলায় পরীক্ষার্থী বেড়েছে ১০,৮২৪ জন।
জেলাওয়ারী পরীক্ষার্থী: কক্সবাজারে ১২,২৫৫ জন, রাঙামাটিতে ৫,৪৩৯ জন, খাগড়াছড়িতে ৭,৩৫৩ জন এবং বান্দরবানে ৩,৬৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান: এবার পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১১৫টি থেকে কমে ১১৪টি হলেও, অংশগ্রহণকারী কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩টিতে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গৃহীত পদক্ষেপ:
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশে অস্ত্র, বিস্ফোরক বহন, মিছিল-সমাবেশ, উচ্চস্বরে মাইক বাজানো এবং ফটোকপির দোকান খোলা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৩ ঘণ্টার এই লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে।
এসআর