এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী
গার্লস কলেজ কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠিয়ে বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন অভিভাবকরা। তেমনই একজন মা ফরিদা ইয়াসমিন, যিনি হাতে তসবিহ নিয়ে মেয়ে সুবাইতা মুসফিরার সফলতার জন্য দোয়া করছিলেন। তিনি জানান, ছোটবেলা থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মেয়েকে নিজেই পড়িয়েছেন, কোনো গৃহশিক্ষক রাখেননি।
মেয়ে এসএসসিতে ভালো করেছে এবং এবারও ভালো ফল করবে বলে তিনি আশাবাদী। পরীক্ষা শুরুর আগে অনেক শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের সময় বাবা-মাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হতে দেখা যায়। সকাল সাড়ে ৮টা থেকেই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে এবং কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মোট পরীক্ষার্থী: এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
প্রথম দিনের বিষয়: সাধারণ বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে।
পরীক্ষার সময়সূচি: মোট ৭৭টি বিষয়ে ২১ দিন ধরে লিখিত পরীক্ষা চলবে। সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত। কারিগরি বোর্ডের তাত্ত্বিক পরীক্ষা জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।
এসআর