আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত এবং এরপর ৯ থেকে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ বোর্ডে ১০ লাখ ৬৯...৭১৪ জন, মাদ্রাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী রয়েছে। গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসছে। এর মধ্যে ঢাকায় ৪০টিসহ দেশের ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ৩৫ দফা নির্দেশনাসহ নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং সেল থেকে এগুলো অনলাইনে পর্যবেক্ষণ করা হবে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রয়েছে। প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি বা যেকোনো অনিয়মে জড়িতদের বিরুদ্ধে সংশোধিত পাবলিক পরীক্ষা আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, সরকার পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থা গড়ার পরিকল্পনা করছে এবং ষষ্ঠ শ্রেণি থেকে ধাপে ধাপে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন যে, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই; তবে এমন কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই দিনের পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
এসআর