কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও ক্যাম্পাসের সার্বিক পরিবেশ উন্নয়নের দাবিতে উপাচার্যের কাছে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।
বুধবার (১ জুলাই) দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি হস্তান্তরের পর সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং জুলাইকে ঘিরে সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
স্মারকলিপিতে দ্রুত কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসে সুলভ মূল্যে মানসম্মত খাবারের ব্যবস্থা, পরিবহন সংকট নিরসন, মেস ভাড়া নিয়ন্ত্রণ এবং ছাত্রকল্যাণ তহবিল কার্যকর করার দাবি জানানো হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন, ব্যায়ামাগারের উন্নয়ন, আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, আবাসিক হলে সিট বণ্টনের স্বচ্ছ নীতিমালা প্রণয়ন, পার্শ্ববর্তী এলাকার শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ওয়াই-ম্যাক্স বা স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার দাবিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কুবি শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক নাঈম ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরা এবং সেগুলোর বাস্তবায়নে কাজ করাই তাদের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দাবিগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এসআর