২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সরকার এবার বিশেষ নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রশ্নফাঁস বা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইনে সংশোধন এনে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং অন্যান্য অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা বা অন্য যে-ই অনিয়মে জড়িত থাকুক না কেন, কারও প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায়ও নতুন কিছু পরিবর্তনের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, এবার শুধু নম্বর পুনর্নিরীক্ষণ নয়, প্রয়োজন হলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগও রাখা হয়েছে।
এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে নমুনা উত্তরপত্র সংগ্রহ করে পুনরায় মূল্যায়নের মাধ্যমে পরীক্ষকদের নম্বর প্রদানের মান যাচাই করা হবে। এ লক্ষ্যে পরীক্ষকদের প্রশিক্ষণ জোরদার এবং একজন পরীক্ষকের ওপর উত্তরপত্রের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো এলাকায় সমস্যা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে বলেও জানান তিনি। তবে যথাযথ কারণ ছাড়া পরীক্ষা স্থগিত করার পরিকল্পনা সরকারের নেই।
পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এর কারণ বিশ্লেষণ করা হচ্ছে। ঝরে পড়ার কারণ চিহ্নিত করে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ডিজিটাল প্রশ্নপত্র চালুর বিষয়ে তিনি বলেন, বিভিন্ন দেশেও এ ধরনের ব্যবস্থায় নিরাপত্তাজনিত ঝুঁকির নজির রয়েছে। তাই আপাতত প্রচলিত পদ্ধতির নিরাপত্তা আরও শক্তিশালী করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উত্তরপত্র মূল্যায়নেও সমমান নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা, প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ চালু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রতি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়ে বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সবার সহযোগিতায় এবারও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসআর