শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টিকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার চায় ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্বপরিসরে পরিচিত ও মর্যাদাপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক। এজন্য শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ইসলামী শিক্ষা নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলাম বিষয়ের শিক্ষক সংকট রয়েছে। এ সমস্যা সমাধানে পাঠ্যক্রম ও কারিকুলাম এমনভাবে প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন, যাতে এ বিষয়ে পর্যাপ্ত দক্ষ শিক্ষক তৈরি করা সম্ভব হয়।
একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।
ড. মিলন আরও বলেন, একটি দেশের উন্নয়নের জন্য শুধু উচ্চশিক্ষিত মানুষ নয়, সৎ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিকও প্রয়োজন।
কে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তিনি কতটা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাই নৈতিক সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিস্তার অপরিহার্য।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে দেশের ১০০টি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ফাজিল ও কামিল স্তরের ২০২৩ ও ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী ১৪৭ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসআর