[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

ইবিতে বৃক্ষরোপণ ও ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৭:০৪ পিএম

সংগৃহীত ছবি

পরিবেশবান্ধব, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণ এবং ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ‘ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়া’র প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

কর্মসূচির শুরুতে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়নের সম্ভাবনা অনেক।

‘ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়া’র পক্ষ থেকে এ উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কোথায় কোন ধরনের গাছ লাগানো হবে, সে বিষয়ে প্রকৌশল দপ্তর একটি পরিকল্পনা তৈরি করেছে, যা চূড়ান্ত অনুমোদনের পর বাস্তবায়ন করা হবে।

ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য বিবেচনায় ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, এ কার্যক্রম এক মাসব্যাপী চলবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লেকের সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতিটি ভবনের জন্য একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। প্রয়োজন হলে তিনি নিজেও বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানান।

এসআর

সম্পর্কিত খবর