[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

শিক্ষা খাতে মামলাজট নিরসনে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ১:৩৮ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষা খাতে অপ্রয়োজনীয় মামলাজট দূর করে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষা কার্যক্রমে যেন আইনি জটিলতার কারণে কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

রোববার (২৮ জুন) সিলেটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র প্রধানদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে আইনি জটিলতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এ ধরনের সমস্যা কমিয়ে শিক্ষাঙ্গনে স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি কেন্দ্র প্রধানদের পরীক্ষা পরিচালনায় সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, প্রশ্নফাঁস, নকল কিংবা অন্য কোনো অনিয়মের সুযোগ দেওয়া হবে না।

পরীক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করতে সব কেন্দ্রকে প্রভাবমুক্ত ও নকলমুক্ত রাখতে হবে।

মতবিনিময় সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র প্রধানরা অংশ নেন।

সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসআর

সম্পর্কিত খবর