[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

বুয়েটে ‘আবরার ফাহাদ’ নামে ছাত্র হল নির্মাণের প্রস্তাব দেব: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১০:০৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘আবরার ফাহাদ’ নামে একটি নতুন ছাত্র হল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উত্থাপনের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

একই সঙ্গে তিনি শিক্ষা খাতে বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২৭ জুন) বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।


বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকারের বরাদ্দ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে এ খাতে জিডিপির প্রায় ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ উন্নীত করার লক্ষ্য রয়েছে। তবে বরাদ্দের প্রতিটি অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করা উচ্চশিক্ষার মানোন্নয়নের অন্যতম শর্ত।


বুয়েটের পূর্বাচল ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত জমির বকেয়া মূল্য সরকার নিজস্ব অর্থায়নে পরিশোধ করবে বলেও জানান তিনি। পাশাপাশি বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর আদলে বুয়েটে দেশীয় ও আন্তর্জাতিক অ্যালামনাই কন্ট্রিবিউশন ফান্ড গঠনের আহ্বান জানান।


শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে বুয়েটের শিক্ষার্থীদের মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আবাসন সংকট নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায় স্মরণীয় করে রাখতে ‘আবরার ফাহাদ’ নামে নতুন ছাত্র হল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হবে।


তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর