[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ৯:৪১ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে দেশের প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

 

রাজশাহী কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণের মিলনায়তনে আয়োজিত সভায় শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি স্থাপন নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

মতবিনিময় সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী এবং বোর্ডের আওতাধীন বিভিন্ন কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার আটটি জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী।

 

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে নকল প্রতিরোধ এবং সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে কঠোর তদারকি অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর