হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ আবাসিক হলে সাম্প্রতিক কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
নিরাপদ পানির ব্যবস্থা, সিট বরাদ্দ, কুকুরের উপদ্রব এবং হলের বিভিন্ন সুবিধা সীমিত করার অভিযোগ তুলে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, আগে ব্যবহৃত নিরাপদ পানির ব্যবস্থা সীমিত করে তাদের ট্যাঙ্কের পানি ব্যবহারে বাধ্য করা হচ্ছে। তাদের ভাষ্য, ট্যাঙ্কের পানির মান নিয়ে উদ্বেগ থাকায় এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিষয়টি নিয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে হল সুপার অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, পানির মোটরের সুইচ বন্ধ করা হয়নি। বরং পানির অপচয় রোধে প্রতিটি ফ্লোরে থাকা একাধিক মোটরের সংখ্যা কমিয়ে ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়েছে। তার দাবি, এটি সম্পদের সাশ্রয় নিশ্চিত করার জন্য নেওয়া একটি প্রশাসনিক সিদ্ধান্ত।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, হল এলাকায় কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় কয়েকজন শিক্ষার্থী আক্রমণের শিকার হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি থিসিস ও মাস্টার্স পর্যায়ের কিছু শিক্ষার্থীকে পর্যাপ্ত সময় না দিয়েই হল ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেছেন।
হলের ছাদে তালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। তাদের মতে, এতে কাপড় শুকানো, খোলা পরিবেশে সময় কাটানো এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলার সুযোগ সীমিত হয়ে গেছে। এছাড়া বড় ডাস্টবিনের পরিবর্তে ছোট ডাস্টবিন বসানোর ফলে ময়লা ছড়িয়ে পড়ছে এবং কুকুর-বিড়ালের কারণে হলের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, তারা শৃঙ্খলার বিরোধী নন। তবে শিক্ষার্থীদের মতামত বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যাগুলোর দ্রুত সমাধান করা হলে অযথা অসন্তোষ তৈরি হবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছেন।
এসআর