তরুণ শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে ধারনা দিতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) অনুষ্ঠিত হয়েছে ‘পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন’ শীর্ষক কর্মশালা।
বুধবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)।
অনুষ্ঠানে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিইউবিসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. মুজাক্কিরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বিএএসএম-এর মহাপরিচালক কামরুল আনাম খান (এফসিএমএ), ফ্যাকাল্টি সদস্য নিপা সাহা এবং মো. সাদ্দাম হোসাইন খান।
কর্মশালায় দেশের পুঁজিবাজারের বর্তমান কাঠামো, বিনিয়োগের মৌলিক বিষয়, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বিশেষভাবে তরুণদের পরিকল্পিত ও তথ্যভিত্তিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
একটি বিশেষ সেশনে মো. সাদ্দাম হোসাইন খান প্রাথমিক শেয়ার ইস্যু (আইপিও), কোম্পানির তালিকাভুক্তি প্রক্রিয়া এবং বিনিয়োগের আগে প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণের কৌশল নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি ‘থ্রি ফিল্টার থিওরি ফর ক্যালকুলেটিভ রিস্ক ম্যানেজমেন্ট’ এবং শেয়ারবাজার বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি, যেমন চার্ট প্যাটার্ন, ট্রেন্ড অ্যানালাইসিস, সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে ব্যবহারিক ধারণা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান যুগে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, আর্থিক জ্ঞান ও বিনিয়োগ বিষয়ে দক্ষতাও শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সহায়ক বলে উল্লেখ করেন।
কর্মশালার শেষে আলোচিত বিষয়গুলোর ওপর একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে তারা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান, যা কর্মশালাকে আরও প্রাণবন্ত করে তোলে।
এসআর