ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ সীমিত রাখা হবে।
একই সঙ্গে ২৪ জুন থেকে যানবাহন চলাচলেও বিশেষ নিয়ন্ত্রণ কার্যকর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় এবং নীলক্ষেতসহ বিভিন্ন প্রবেশপথ দিয়ে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
তবে জরুরি সেবার আওতাভুক্ত অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সংবাদমাধ্যমের গাড়ি, রাইড-শেয়ারিং সেবা, খাদ্য সরবরাহকারী যান, অনলাইন পণ্য পরিবহনকারী যানবাহন এবং সরকারি কাজে নিয়োজিত গাড়িগুলো এ নিয়ন্ত্রণের বাইরে থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।
এদিকে সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে এ সিদ্ধান্ত পর্যালোচনা ও সংশোধন করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআর