কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কার্যক্রম পরিদর্শন করেছেন সুন্দরবন রেজিমেন্টের ২৪ ব্যাটালিয়নের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে এসে তিনি সেনা ও নৌ শাখার প্লাটুন পরিদর্শন করেন। আগমনের পর বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটরা আনুষ্ঠানিক গার্ড অব অনারের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানায়।
পরিদর্শন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আব্দুল বারী, সামরিক প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শাখার ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে রেজিমেন্ট কমান্ডার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তিনি মাদকবিরোধী একটি সচেতনতামূলক কর্মশালায় যোগ দেন। তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাডেটরা অংশ নেয়। কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন এতে মূল বক্তব্য উপস্থাপন করেন।
পরে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। কর্মসূচির সমাপ্তিতে তিনি ক্যাডেটদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিএনসিসি সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়ে থাকে। তবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন থাকা এবং জ্ঞানভিত্তিক প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিএনসিসির আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে ব্যক্তিজীবনে ধারণ করতে হবে। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেকোনো জাতীয় সংকটে ভূমিকা রাখতে প্রস্তুত থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তরুণদের দায়িত্বশীল ভূমিকা রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এসআর