[email protected] বুধবার, ২৪ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩

সেশনজট কমানোর দাবিতে কুবির আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ৯:৫৮ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের সেশনজট ও পরীক্ষার সময়সূচি পিছিয়ে যাওয়ার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনের অংশ হিসেবে তারা বিভাগীয় কক্ষগুলোতে তালা লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে প্রশাসনের আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।

 

সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের সামনে শিক্ষার্থীরা সমবেত হয়ে এ কর্মসূচি শুরু করেন।

 

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সেশনজটের কারণে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় আট মাস পিছিয়ে গেছে। এতে তাদের শিক্ষাজীবন ও একাডেমিক পরিকল্পনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থার প্রতিবাদে তারা অনুষদের কয়েকটি শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে প্রতীকী কর্মসূচি পালন করেন।

 

শিক্ষার্থীরা দ্রুত সেশনজট নিরসন এবং নিয়মিত একাডেমিক কার্যক্রম নিশ্চিত করতে ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবির মধ্যে রয়েছে— ২৪ ঘণ্টার মধ্যে সব কোর্সের ইনকোর্স পরীক্ষার ফল প্রকাশ, আগামী ছয় মাসের মধ্যে বাকি দুই সেমিস্টারের কার্যক্রম সম্পন্ন, ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত একাডেমিক রোডম্যাপ ঘোষণা, পরীক্ষা শেষে আট সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ, শিক্ষকসংকট দেখা দিলে অতিথি শিক্ষক নিয়োগের মাধ্যমে পাঠদান সম্পন্ন করা এবং এসব বিষয়ে প্রশাসনের লিখিত প্রতিশ্রুতি প্রদান।

 

পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের উদ্বেগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

 

ড. মাসুদা কামাল বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি লিখিত অভিযোগ পাওয়া গেলে একাডেমিক কার্যক্রমে বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে স্বাভাবিক পরিবেশে ফিরে যান।

এসআর

সম্পর্কিত খবর