[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

কুবির ‘এ’ ও ‘সি’ ইউনিটে সপ্তম মেধাতালিকা প্রকাশ, ২৫ জুন ‘বি’ ইউনিটের ভাইভা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন ২০২৬ ১০:১৭ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে ‘এ’ ও ‘সি’ ইউনিটের সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে ‘বি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও নির্বাচিত প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাত ৮টা থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ‘এ’ ও ‘সি’ ইউনিটের সর্বশেষ মেধাতালিকার ফলাফল দেখা যাবে।

অন্যদিকে, ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা আগামী ২৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষার জন্য বাণিজ্য শাখার ১৪৮-২৫০, বিজ্ঞান শাখার ১৬৯-২৫০ এবং মানবিক শাখার ৫০৯-১৩০০ মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভাইভা শেষে আসন শূন্য থাকা সাপেক্ষে একই দিন বিকেলে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

‘এ’ ইউনিটে সুযোগপ্রাপ্তদের ২২ ও ২৩ জুন এবং ‘সি’ ইউনিটে নির্বাচিতদের ২৩ ও ২৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট অনুষদে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

পরে বিভাগীয় নিয়ম অনুসরণ করে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এছাড়া, আসন খালি থাকলে আগামী ২৪ জুন ‘এ’ ইউনিটের নতুন মেধাতালিকা ও মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে। ওই তালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২৫ জুন সম্পন্ন করা হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও ফটোকপি, এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট এবং চার কপি সদ্য তোলা সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি ফি হিসেবে ১৪ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর পাশাপাশি ডিন অফিস ও সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন ফি আলাদাভাবে পরিশোধ করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর