[email protected] রবিবার, ২১ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডিতে তৃতীয় স্থান অর্জন করল ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা-২০২৬ এ অভিষেক আসরেই সাফল্যের স্বাক্ষর রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে প্রতিযোগিতায় সেকেন্ড রানার্স আপ (তৃতীয় স্থান) হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টির কাবাডি দল।

শনিবার (২০ জুন) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা।

আক্রমণ ও রক্ষণে সমান দক্ষতার পরিচয় দিয়ে তারা পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়েক দফা ম্যাচে ফেরার চেষ্টা করলেও ইবির পরিকল্পিত ও সমন্বিত খেলায় সেই প্রচেষ্টা সফল হয়নি।

নির্ধারিত সময় শেষে ৪৮-৩৫ পয়েন্টের জয় নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয়।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই এমন অর্জন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

প্রতিযোগিতার সমাপনী দিনে বিকেলে শিরোপা নির্ধারণী ম্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

ওই ম্যাচের মাধ্যমেই শেষ হবে এবারের আসরের আনুষ্ঠানিক কার্যক্রম।

জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি (ছাত্র) এবং হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে।

কাবাডি ইভেন্টে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অংশ নিচ্ছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আয়োজক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

এসআর

সম্পর্কিত খবর