[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপকে ঘিরে ববিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ৯:২০ পিএম

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের আবহে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে।

প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে শিক্ষার্থীরা আয়োজন করেন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার।

 

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কর্মসূচির সূচনা হয়। আর্জেন্টিনার পতাকা, জার্সি, ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শতাধিক শিক্ষার্থী শোভাযাত্রায় অংশ নেন। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবের আবহ তৈরি হয়।

 

শোভাযাত্রায় অংশ নিয়ে আর্জেন্টিনা সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাবের আকন বলেন, আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, সমর্থকদের আবেগ ও ভালোবাসার প্রতীক। তিনি আশা প্রকাশ করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দলের ধারাবাহিক সাফল্যের ধারা ভবিষ্যতেও বজায় থাকবে এবং আসন্ন বিশ্বকাপেও দলটি নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেবে।

 

শিক্ষার্থী অমিও বলেন, আর্জেন্টিনার বর্তমান দল নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। তার বিশ্বাস, দলটি আবারও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে এবং সমর্থকদের আনন্দ উপহার দেবে।

 

আরেক শিক্ষার্থী কাজী গালিবের মতে, ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা একটি বিশেষ অনুভূতির নাম। দলটির প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।

 

শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, খেলাধুলার ইতিবাচক চর্চা, পারস্পরিক সৌহার্দ্য এবং ফুটবলপ্রেমীদের একত্রিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

এসআর

সম্পর্কিত খবর