[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে সরব ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ৫:০৪ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে শনিবার (১৩ জুন) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

টানা ছুটির পর শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস।

সকালের দিকে বিভিন্ন বিভাগ ও আবাসিক হলে শিক্ষার্থীদের আগমন লক্ষ্য করা যায়।

দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাৎ, আড্ডা ও একাডেমিক কার্যক্রমে ফেরার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি অনেকে ক্যাম্পাসের পরিচিত আড্ডাস্থলে সময় কাটান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটি শেষে সব ধরনের প্রয়োজনীয় সেবা পুনরায় চালু করা হয়েছে।

চিকিৎসা কেন্দ্র, তথ্যপ্রযুক্তি সেবা, পানি ও বিদ্যুৎ বিভাগ, নিরাপত্তা শাখাসহ অন্যান্য প্রশাসনিক ইউনিট নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

একই সঙ্গে ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন। গ্রামের পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করার পাশাপাশি অবসর সময়ও ভালো কেটেছে বলে জানান তিনি।

অন্যদিকে ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাকিব বলেন, দীর্ঘ ছুটিতে বন্ধুদের খুব মনে পড়ত। ক্যাম্পাসে ফিরে সবার সঙ্গে দেখা হওয়ায় বেশ আনন্দ অনুভব করছেন। পুরোনো আড্ডা ও গল্পে আবারও ব্যস্ত হয়ে উঠেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ক্যাম্পাস খোলার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৩ মে থেকে ১০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

একই সময়ে নির্ধারিত সময় পর্যন্ত আবাসিক হলগুলোও বন্ধ রাখা হয়েছিল।

 

এসআর

সম্পর্কিত খবর