আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি ও প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে আবেদন করেছে সংগঠনটি।
সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দেওয়া এক আবেদনে মুক্তমঞ্চে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো প্রদর্শনের অনুমতি চাওয়া হয়।
আবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে একত্রে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারেন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে ওঠে, সেই উদ্দেশ্যেই এ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
আয়োজনটি সফলভাবে বাস্তবায়নের জন্য বিদ্যুৎ সংযোগ, স্থান ব্যবহারের অনুমতি, নিরাপত্তা এবং অন্যান্য প্রশাসনিক সহায়তা কামনা করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মকানুন ও প্রশাসনিক নির্দেশনা মেনে সম্পূর্ণ শৃঙ্খলার সঙ্গে আয়োজন পরিচালনা করা হবে।
এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগ করার সুযোগ পাবে। এতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। তাই শিক্ষার্থীদের বিনোদন ও ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী জানান, অতীতেও ক্যাম্পাসে এ ধরনের আয়োজন হয়েছে। বিষয়টি উপাচার্যের কাছে উপস্থাপন করা হয়েছে এবং প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।
এসআর