[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

উদ্ভাবনী প্রকল্প ‘থান্ডারবোল্ট’ নিয়ে ববি উপাচার্যের সঙ্গে শিক্ষার্থী সুজনের মতবিনিময়

ববি প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৭:৫৭ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল তার গবেষণাভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ‘থান্ডারবোল্ট’ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সুজন তার প্রকল্পের বিভিন্ন দিক, প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং সম্ভাব্য প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করেন।

 

এ সময় উপাচার্য শিক্ষার্থীর গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করা প্রয়োজন। তিনি তরুণ গবেষকদের নতুন ধারণা নিয়ে কাজ করার প্রতি উৎসাহ দেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

সুজন চন্দ্র পাল বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তার দীর্ঘদিনের আগ্রহ থেকেই বিভিন্ন গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। ‘থান্ডারবোল্ট’ প্রকল্পটি তার সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ। তিনি মনে করেন, এ ধরনের গবেষণা ভবিষ্যতে নতুন প্রযুক্তিগত সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক হতে পারে।

 

তিনি আরও জানান, উপাচার্যের উৎসাহ ও ইতিবাচক মনোভাব তাকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গবেষণা ও উদ্ভাবনী কাজ এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।

 

সৌজন্য সাক্ষাতে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. সোনিয়া খান সনিও উপস্থিত ছিলেন। 

 

এসআর

সম্পর্কিত খবর