শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকালে পবিত্র কোরআন খতমের মাধ্যমে কর্মসূচির সূচনা ঘটে এবং পরে জুমার নামাজ শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং কুবি ইউট্যাব-এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাত হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এম. এম. শরীফুল করীম বলেন, ঐতিহাসিক জানাজাই প্রমাণ করে মানুষ জিয়াউর রহমানকে কতটা ভালোবাসত এবং নিজ কর্মের কারণেই তিনি ৪৫ বছর পরও সমাদৃত। একই সাথে তিনি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, একই পরিবার থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়ার নজির বিশ্ব রাজনীতিতে বিরল।
কুবি ইউট্যাব-এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাত হোসাইন ১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ এবং ১৯৭৫-পরবর্তী সময়ে দুর্ভিক্ষপীড়িত মানুষের কল্যাণে তাঁর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন।
এসআর