জাপানের আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা (আইটিইই)-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মুকেশ কুমার নামে এক শিক্ষার্থী।
বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) আয়োজিত এ পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের মধ্যে শীর্ষ অবস্থানে থেকে মুকেশ এই সাফল্য অর্জন করেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে মুকেশ বলেন, দীর্ঘ সময়ের প্রস্তুতি, নিয়মিত অনুশীলন এবং কঠোর পরিশ্রমের ফল হিসেবে এই অর্জন এসেছে।
তিনি জানান, সাফল্য তাকে যেমন আনন্দিত করেছে, তেমনি ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের জন্য নতুন উদ্দীপনা জুগিয়েছে।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় তার রয়েছে এবং এই স্বীকৃতি সেই পথচলাকে আরও বেগবান করবে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, মুকেশের এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের এবং এটি অন্যান্য শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে উৎসাহিত করবে।
প্রসঙ্গত, আইটিইই (Information Technology Engineers Examination) জাপানভিত্তিক একটি আন্তর্জাতিক স্বীকৃত তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা।
এশিয়ার বিভিন্ন দেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) পরীক্ষাটির আয়োজন করে।
এসআর