জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম সম্প্রতি প্রো-ভিসি (শিক্ষা) পদে দায়িত্ব পাওয়ায় ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি চান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অধ্যাপক শরিফুল হুদাকে নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগসংক্রান্ত আদেশে বলা হয়েছে, তিনি প্রচলিত নিয়ম ও বিধি অনুসারে দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের প্রয়োজনীয় নথি নির্ধারিত সময়ে রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে অধ্যাপক শরিফুল হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ একাডেমিক পদে দায়িত্ব পাওয়াকে তিনি সম্মানের বিষয় হিসেবে দেখছেন। তিনি সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে অনুষদের সব বিভাগের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করবেন।
অধ্যাপক শরিফুল হুদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে সেখান থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
গবেষণার ক্ষেত্রে তিনি জিআইএস, রিমোট সেন্সিং, জলসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ দক্ষতার জন্য পরিচিত।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা ও গবেষণায় অংশ নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন দ্য ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বিভিন্ন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডিরেক্টর এবং বর্তমানে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ৬ জুন অধ্যাপক ড. মো. শামছুল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) পদে নিয়োগপ্রাপ্ত হন।
এসআর