[email protected] মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনার্সের বিষয় বাতিলের খবর নাকচ করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৫:৪৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বন্ধের যে খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনা শিক্ষা মন্ত্রণালয়ের জানা নেই।

 

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, অনার্স পর্যায়ের কোনো বিষয় বাতিল করার পরিকল্পনা সরকারের নেই। বিশেষ করে বাংলা ভাষা ও দেশের ঐতিহ্যবাহী বিষয়গুলো বাদ দেওয়ার প্রশ্নই আসে না।

 

তিনি জানান, তার জানা মতে এ ধরনের কোনো প্রস্তাব বা নীতিগত আলোচনা কখনো হয়নি। সংবাদটি কোথা থেকে এসেছে, সে বিষয়েও তিনি অবগত নন।

 

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় যে বাংলা, দর্শন, ইতিহাসসহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বন্ধ করা হতে পারে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী বলেন, সরকার কর্মবাজারের চাহিদা বিবেচনায় নতুন ও আধুনিক শিক্ষাক্রম চালুর ওপর গুরুত্ব দিচ্ছে। তবে এর অর্থ এই নয় যে প্রচলিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সময়ের চাহিদা অনুযায়ী নতুন কোর্স সংযোজনের কাজ চলমান রয়েছে। কিন্তু বাংলা, ইতিহাস বা দর্শনের মতো বিষয়ে অনার্স কার্যক্রম বন্ধের কোনো উদ্যোগ নেই।

 

শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানান, অনার্স পর্যায়ের শিক্ষার পরিধি সংকুচিত করা বা কোনো নির্দিষ্ট বিষয়ে অনার্স কোর্স বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা বর্তমানে নেই।

 

এদিকে একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে এ ধরনের তথ্যকে গুজব বা বিভ্রান্তিকর দাবি হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর