গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের সহায়তায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল একটি তথ্য ও সহায়তা কেন্দ্র চালু করেছে।
সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এ হেল্প ডেস্ক পরিচালনা করতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের। তারা নবীন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন প্রশাসনিক তথ্য সম্পর্কে সহযোগিতা প্রদান করেন।
এ বিষয়ে ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন ও কল্যাণমূলক কাজে ছাত্রদল সবসময় ভূমিকা রাখতে আগ্রহী। ভর্তি কার্যক্রমে অংশ নিতে আসা শিক্ষার্থীরা যাতে সহজে প্রয়োজনীয় তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সংগঠনটির পক্ষ থেকে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে ববি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইত্তেসাফ আর-রাফি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একাডেমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলারও গুরুত্বপূর্ণ সময়।
তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দিতে ছাত্রদল সবসময় প্রস্তুত রয়েছে। হেল্প ডেস্কের মাধ্যমে তাদের ভর্তি কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মূল্যবোধ ও ইতিবাচক মনোভাব নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
এসআর