[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

অক্সফোর্ড ইউনিয়নের আলোচনায় অংশ নিতে যুক্তরাজ্যে যাচ্ছেন জাবি অধ্যাপক ড. নাহরিন

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৫:৩২ পিএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বিশ্বের খ্যাতনামা বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন।

অক্সফোর্ড ইউনিয়নের ট্রিনিটি টার্ম ২০২৬-এর প্রকাশিত কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ জুন অনুষ্ঠিতব্য ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক এক বিশেষ আলোচনায় তিনি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

ড. নাহরিন ইসলাম খানের সঙ্গে আলোচনায় আরও অংশ নেবেন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং অন্তর্বর্তী সরকারের গুমবিষয়ক তদন্ত কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস।

অক্সফোর্ড ইউনিয়নের পরিচিতি অংশে ড. নাহরিন ইসলাম খানকে পরিবেশবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন নিয়ে গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করছেন।

প্রসঙ্গত, ১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাসম্পন্ন বিতর্ক সংগঠন হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। বিভিন্ন সময়ে রাষ্ট্রনেতা, নোবেলজয়ী, গবেষক, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিরা এ মঞ্চে বক্তব্য দিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর