[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন বুটেক্সের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুন ২০২৬ ১০:৩৬ পিএম

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাবেক শিক্ষার্থী ও বিএনপি-সংশ্লিষ্ট রাজনীতিক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

সাইফুল ইসলাম শাহীন বুটেক্সের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

ছাত্রজীবনে তিনি বুটেক্স ছাত্রদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং একসময় সংগঠনটির সভাপতির দায়িত্বও পালন করেন।

রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সিরাজগঞ্জের স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন। উল্লাপাড়া উপজেলা বিএনপি ও জেলা পর্যায়ের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া টেক্সটাইল খাতের পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

নতুন দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাইফুল ইসলাম শাহীন বলেন, প্রশাসনিক দায়িত্ব পালন তার জন্য নতুন অভিজ্ঞতা হলেও তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

কর্পোরেট খাতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনকল্যাণমূলক দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, শিক্ষাজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে সেই সম্পৃক্ততা আরও বিস্তৃত হয়।

ছাত্র রাজনীতির অভিজ্ঞতা তার নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

পেশাগত জীবনে সাইফুল ইসলাম শাহীন দেশের একটি শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণের কারণে তাকে কর্পোরেট পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে বলে তিনি জানান। তবে পেশাগত যোগাযোগ ও সম্পর্ক বজায় থাকবে বলেও উল্লেখ করেন।

সিরাজগঞ্জের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলাশয় পুনরুদ্ধারসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।

জেলার সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, বর্তমান দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর আবারও কর্পোরেট খাতে ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে।

পাশাপাশি পরামর্শক ও উদ্যোক্তা হিসেবে কাজ করার সম্ভাবনাও খোলা রাখছেন।

এদিকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নিয়োগের খবরে বুটেক্সের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

একইসঙ্গে সিরাজগঞ্জের বিএনপি নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনিক ও পেশাগত অভিজ্ঞতার সমন্বয়ে সাইফুল ইসলাম শাহীন জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আনতে সক্ষম হবেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।

 

এসআর

সম্পর্কিত খবর