[email protected] শনিবার, ৬ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষা সহযোগিতা জোরদারে সুইডেনে ইবি প্রতিনিধিদল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুন ২০২৬ ১০:০৩ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সুইডেন সফরে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি প্রতিনিধিদল।

রিশেপ (RESHAPE) প্রকল্পের আওতায় ৪ থেকে ৯ জুন পর্যন্ত তারা সুইডেনের গেভলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সফররত প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইবির উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

সফরের শুরু থেকেই প্রতিনিধি দলটি বিভিন্ন একাডেমিক সভা, গবেষণা উপস্থাপনা, শিক্ষণ পদ্ধতি বিষয়ক আলোচনা এবং ডক্টরাল গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করছে।

গেভলে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা, গবেষণা কার্যক্রম এবং শিক্ষা-সংক্রান্ত অগ্রাধিকার বিষয়ে উপস্থাপনা করা হয়।

এ সময় উপাচার্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে গবেষণা ও শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

সফরকালে গেভলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। আলোচনায় সমাজকর্ম, জনকল্যাণ, বৈশ্বিক স্বাস্থ্য, টেকসই উন্নয়ন এবং উচ্চশিক্ষা উন্নয়নের মতো বিষয়ে যৌথ গবেষণা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা উঠে আসে।

রিশেপ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প-সংশ্লিষ্ট শিক্ষকরা।

পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল সুইডিশ উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে।

বিশেষ করে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা, অংশগ্রহণমূলক পাঠদান এবং গবেষণাভিত্তিক শিক্ষণ পদ্ধতি সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

দ্বিতীয় দিনের কর্মসূচিতে প্রতিনিধিদল স্বাস্থ্য ও বৃত্তিমূলক শিক্ষা অনুষদে আয়োজিত একটি পিএইচডি গবেষণার উন্মুক্ত ডিফেন্সে অংশ নেয়। এতে বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

এ আয়োজনের মাধ্যমে সুইডেনের গবেষণা মূল্যায়ন পদ্ধতি ও একাডেমিক সংস্কৃতি সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

এ সময় সুইডেন ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অধ্যাপকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, আন্তর্জাতিক প্রকাশনা এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই সফর ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সম্প্রসারণ, গবেষণা সংস্কৃতির উন্নয়ন এবং ভবিষ্যতে যৌথ প্রকল্প বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ইরাসমাস প্লাস কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের প্রতিনিধিদল ইউরোপ সফর করছে।

৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত চলমান এ সফরে তারা রিশেপ শীর্ষক আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

কর্মসূচিটি ফিনল্যান্ডের টুরকু ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের উদ্যোগে পরিচালিত হচ্ছে এবং এতে সুইডেন ও ফিনল্যান্ডের একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর