প্রথমবারের মতো বিশ্বখ্যাত ‘নেচার ইনডেক্স’-এ জায়গা করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে তালিকাভুক্ত ২৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানটি ২০তম অবস্থানে রয়েছে।
দুইটি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে ০.১৫ শেয়ার স্কোর অর্জন করে এ অবস্থান নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টি।
এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামিম বলেন, আন্দোলন ও নানা সংকটের মধ্যেও এমন অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকেই তুলে ধরেছে।
তিনি মনে করেন, গবেষণার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও আধুনিক গবেষণাগার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টি আরও ভালো অবস্থানে পৌঁছাতে পারবে।
গত ১৪ মে উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়কে দেশি-বিদেশি র্যাংকিংয়ে এগিয়ে নিতে বিশেষ কমিটি গঠন করেন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ।
তিনি জানান, ইতোমধ্যে কমিটি কাজ শুরু করেছে এবং প্রাথমিক তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ৫০০-এর বেশি ‘স্কোপাস ইনডেক্স’ জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেছেন।
নেচার ইনডেক্সে অন্তর্ভুক্তি প্রসঙ্গে উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান এবং এই অর্জন সেই সক্ষমতারই প্রতিফলন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিংয়েও জায়গা করে নেবে। পাশাপাশি শিক্ষা ও গবেষণার উপযোগী পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
সম্প্রতি প্রকাশিত স্প্রিঞ্জার নেচারের হালনাগাদ ‘নেচার ইনডেক্স’ তালিকায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও গবেষণা প্রতিষ্ঠান স্থান পেয়েছে।
গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বের ১৪৫টি উচ্চমানের পিওর সায়েন্স ও মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণা এবং গবেষকদের অবদানের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।
নেচার ইনডেক্সের নিয়ম অনুযায়ী, কোনো গবেষণায় একাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান বা গবেষক যুক্ত থাকলে তাদের অবদান ভগ্নাংশ আকারে ভাগ করা হয়, যা ‘শেয়ার স্কোর’ নামে পরিচিত।
এই স্কোরের ওপর ভিত্তি করেই চূড়ান্ত র্যাংকিং নির্ধারণ করা হয়।
সর্বশেষ তালিকায় ৩৭টি গবেষণাপত্র ও ৬.৩৯ শেয়ার স্কোর নিয়ে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আইসিডিডিআর,বি।
বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের ১৪টি গবেষণাপত্র ও ১.০৬ শেয়ার স্কোর রয়েছে।
এসআর