সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধর্ষণ, হত্যাকাণ্ড এবং বিচারহীনতার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানান। তাদের বক্তব্যে উঠে আসে, বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও কার্যকর পদক্ষেপের অভাবে সমাজে অপরাধ বাড়ছে।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা যথেষ্ট কার্যকর নয়। তারা বলেন, অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত বিচার ও আইন প্রয়োগে কঠোরতা জরুরি।
সমাবেশে বক্তব্য দেওয়া কয়েকজন শিক্ষার্থী বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন। বিশেষ করে নারী শিক্ষার্থীরা একা চলাচলে ভয় ও অস্বস্তির অভিজ্ঞতার কথা জানান।
আরও কয়েকজন বক্তা বলেন, কেবল সরকার পরিবর্তন নয়, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ব্যবস্থার কার্যকর সংস্কার প্রয়োজন। ধর্ষণের মতো অপরাধে দ্রুত তদন্ত ও বিচারের জন্য আলাদা কমিশন গঠনের দাবিও জানান তারা।
সমাবেশ থেকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নারী-পুরুষ সবার নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এসআর