বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শাখা ছাত্রদলের এক নেতার ফেসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে ফোনে চাপ প্রয়োগ করে মন্তব্য মুছে ফেলানোর অভিযোগ উঠেছে।
অভিযোগটি উঠেছে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্তর বিরুদ্ধে।
অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল ঢালি।
জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সামনের আরসিসি সড়ক নির্মাণকাজ নিয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আরিফ হোসাইন শান্ত।
ওই পোস্টের মন্তব্যে নাজমুল ঢালি লিখেন, এই কাজটা এমনিতেই হতো, ক্রেডিট নেওয়ার কিছু নেই। দ্রুত আরও কাজের দৃশ্য দেখার অপেক্ষায় রইলাম।
এর জবাবে আরিফ হোসাইন শান্ত মন্তব্য করেন, দীর্ঘদিন আটকে থাকা একটি কাজ দ্রুত বাস্তবায়ন হওয়া এবং স্বাভাবিকভাবে হওয়া এক বিষয় নয়। যথাযথ উদ্যোগ ও সমন্বয়ের ফলেই কাজটি দৃশ্যমান হয়েছে বলেও মন্তব্যে উল্লেখ করেন তিনি।
অভিযোগকারী নাজমুল ঢালির দাবি, মন্তব্য করার কিছু সময় পর তাকে মেসেঞ্জারে কল দিয়ে মন্তব্যটি সরিয়ে নিতে বলা হয়। তিনি বলেন, তার মন্তব্যে কোনো আক্রমণাত্মক ভাষা ছিল না, তবুও রূঢ় আচরণ করা হয়েছে।
পরে এক সিনিয়রের মাধ্যমেও কমেন্ট মুছে ফেলতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন নাজমুল।
সেখানে তিনি প্রশ্ন তোলেন, ভিন্নমত বা সাধারণ মন্তব্য সহ্য করতে না পারা কোনো ছাত্রনেতার জন্য কতটা শোভনীয়।
এসআর