দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টদের চার বছরের জন্য অথবা অবসরের আগ পর্যন্ত দায়িত্ব পালনের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এসব নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে উপাচার্যরা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে। অন্যদিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুর রহমান।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রব্বানীকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন ভিসি নিয়োগের এ প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর্মদক্ষতা, প্রশাসনিক সক্ষমতা ও সরকারের নীতিগত অবস্থানের ভিত্তিতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন আসতে পারে।
এসআর