রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) আব্দুর গফুরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ঘিরে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
একটি টেলিভিশন প্রতিবেদনে বিষয়টি প্রকাশের পর এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির নেতারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তারা বলেন, বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের জায়গা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর থাকবে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুটি দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন অর্নব বলেন, অভিযোগের বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি, যাতে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।
একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত যেকোনো দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্রদলের নেতারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে তারা সবসময় সোচ্চার থাকবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।
এসআর