বিশ্ববাজারে সাম্প্রতিক দরপতনের ধাক্কা কাটিয়ে আগামী বছর স্বর্ণের দাম আবার বাড়তে পারে।
রয়টার্সের তিন সপ্তাহব্যাপী এ জরিপে ৩০ জন বিশ্লেষক ও ব্যবসায়ী অংশ নেন। তাদের ধারণা, ২০২৭ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের গড় দাম দাঁড়াতে পারে ৪ হাজার ৬৫০ ডলারে। এর আগে একই সময়ের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছিল ৪ হাজার ৬১০ ডলার।
অন্যদিকে, ২০২৬ সালে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম ৪ হাজার ৪৯৫ ডলার হতে পারে বলে নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের জরিপে এ মূল্য ধরা হয়েছিল ৪ হাজার ৫০৯ ডলার।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা, ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার দীর্ঘ সময় চড়া থাকার সম্ভাবনা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে।
চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল। তবে ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে পরবর্তী সময়ে মূল্যবান ধাতুটির বাজারে বড় ধরনের পতন ঘটে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ডলারের আশপাশে রয়েছে।
তবে সাম্প্রতিক দরপতন দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে ধারণা করছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের মতে, আগামী কয়েক মাসের মধ্যে বাজারে স্থিতিশীলতা ফিরে এলে স্বর্ণের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হতে পারে।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপারের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের ওপর নির্ভরতা কমানোর প্রবণতা এবং মুদ্রার ক্রয়ক্ষমতা হ্রাসের বিষয়টি গুরুত্ব পেলে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। এর ফলে মূল্যবান ধাতুটির বাজারে আবারও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
তবে রয়টার্সের জরিপে প্রকাশিত এসব মূল্য পূর্বাভাস; ভবিষ্যতে প্রকৃত বাজারদর অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
এফ/ডি