[email protected] শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরগি-ডিম ও কিছু মাছে দাম কমেছে, নাগালের বাইরে গরু-খাসির মাংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ১:৫১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির পাশাপাশি কমেছে ডিমের দাম।

 কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে মূল্য কমেছে ১০ থেকে ২০ টাকা। একই সঙ্গে রুই ও পাঙাশসহ কয়েক ধরনের মাছও আগের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে। তবে গরু ও খাসির মাংসের বাজারে এখনো উচ্চমূল্যের চাপ রয়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর ৬, কাজীপাড়া ও ৬০ ফিট এলাকার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

 

বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ থেকে ১৬০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন মিলছে ১৩৫ টাকায়। অন্যদিকে সাদা ডিমের হালি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। তবে গরুর মাংসের কেজি ৮২০ টাকা এবং খাসির মাংসের দাম ১ হাজার ৩০০ টাকা।

 

বিক্রেতারা জানান, নভেম্বরের প্রথম দিকে ব্রয়লার মুরগির দাম ছিল কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা। বর্তমানে তা কমে ১৫৫ থেকে ১৬০ টাকায় নেমেছে। অর্থাৎ কয়েক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। এতে মুরগি কিনতে গিয়ে ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

 

সোনালি মুরগির দামও নিম্নমুখী। মাসের শুরু ও মাঝামাঝি সময়ে এ মুরগি প্রতি কেজি ৩১০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম কমে ৩০০ টাকায় দাঁড়িয়েছে।

 

ডিমের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে লাল ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে ১৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ডজনপ্রতি দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। সাদা ডিমের হালি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

 

মাছের বাজারেও কয়েকটি পণ্যের দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি তেলাপিয়া ও পাঙাশ ১৮০ টাকা, রুই ৩৪০ থেকে ৩৮০ টাকা, সামুদ্রিক বাইলা ও পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা এবং লইট্যা মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

তবে কিছু মাছের দাম এখনো বেশ চড়া। প্রতি কেজি টেংরা মাছের দাম ৬০০ টাকা। প্রকারভেদে কই মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। আর শিং মাছের কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। ফলে এসব মাছ সাধারণ ক্রেতাদের অনেকেরই ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে।

 

বাজারসংশ্লিষ্টরা জানান, কয়েক সপ্তাহ আগে রুই মাছের কেজি ছিল ৩৮০ থেকে ৪৮০ টাকা। বর্তমানে তা কমে ৩৪০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। এতে কেজিপ্রতি সর্বোচ্চ ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত দামের পার্থক্য তৈরি হয়েছে।

 

অন্যদিকে মাংসের বাজারে এখনো কোনো উল্লেখযোগ্য স্বস্তি নেই। প্রতি কেজি গরুর মাংস ৮২০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে মুরগি ও মাছের দাম কমলেও গরু-খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ।

 

সব মিলিয়ে রাজধানীর বাজারে মুরগি, ডিম ও কয়েক ধরনের মাছের দাম কমলেও সব পণ্যে স্বস্তি ফেরেনি। বিশেষ করে গরু ও খাসির মাংসের উচ্চমূল্য সাধারণ ক্রেতাদের খাদ্য কেনার খরচে বাড়তি চাপ তৈরি করছে।

এফ/ডি

সম্পর্কিত খবর