[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীদের দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার প্রত্যয় কমিউনিটি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ৮:১৮ পিএম

সংগৃহীত ছবি

প্রাতিষ্ঠানিক অগ্রগতি ত্বরান্বিত করা এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে কর্মীদের আরও সম্পৃক্ত করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (সিএসই) ও কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভদের (সিসিই) সঙ্গে মতবিনিময় করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

গত ১৪ নভেম্বর রাজধানীর ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের ম্যাজেস্টিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে ব্যাংকের বর্তমান কার্যক্রম, অর্জন, সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। তিনি বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্য শুধু আর্থিক অর্জনের ওপর নির্ভরশীল নয়। বরং কর্মীদের পেশাগত দক্ষতা, আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং সম্মিলিত উদ্যোগই একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে টেকসই করে।

 

তিনি প্রত্যেক কর্মীকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

 

মতবিনিময় সভায় কর্মীরা নিজেদের কাজের অভিজ্ঞতা, কর্মক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেবার মান উন্নয়নে সম্ভাব্য উদ্যোগ নিয়ে মতামত তুলে ধরেন। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এর মাধ্যমে কর্মীদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা সরাসরি প্রাতিষ্ঠানিক পরিকল্পনায় যুক্ত করার সুযোগ তৈরি হয়।

 

অনুষ্ঠানে কর্মক্ষেত্রে ভালো অবদান ও কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা ১০ জন সিএসই ও সিসিইকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া র‍্যাফেল ড্রয়ের আয়োজনও ছিল, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি আনন্দ তৈরি করে।

 

পরে মধ্যাহ্নভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

ব্যাংকটির সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও দায়িত্ববোধ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে সম্মিলিত দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে আধুনিক, শক্তিশালী এবং টেকসই ব্যাংক হিসেবে কমিউনিটি ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এফ/ডি

সম্পর্কিত খবর