তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে মজুরি বোর্ড।
বৈঠক শুরুর আগে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে মোট বেতনের ৬০ শতাংশ মূল মজুরি, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বছরে ১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে তারা।
পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে মজুরি বোর্ডে এ প্রস্তাবসংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ ১২টি বিষয় বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো তৈরির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বেতন কাঠামো এবং এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরির তুলনামূলক চিত্র পর্যালোচনার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের বেতন কাঠামো বিবেচনায় নেওয়ার প্রস্তাব রয়েছে।
শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দেশের মোট শ্রমশক্তির একটি বড় অংশ তৈরি পোশাক খাতে নিয়োজিত। প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত এবং নিরপেক্ষ মজুরি কাঠামো প্রয়োজন।
তাদের প্রস্তাব অনুযায়ী, মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন হিসেবে নির্ধারণ করা উচিত। কারণ মূল বেতনের অংশ কম হলে শ্রমিকদের অতিরিক্ত কাজের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সুবিধার পরিমাণও কমে যায়। দীর্ঘদিন কর্মরত শ্রমিকেরা এতে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েন।
এ ছাড়া বাড়িভাড়া মোট বেতনের অর্ধেক নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাবও রয়েছে।
শ্রমিক প্রতিনিধিরা আরও জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের নির্দিষ্ট দাবিগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে আরও আটটি প্রস্তাব যুক্ত করা হবে। তাদের মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা—সব দিক বিবেচনায় রেখেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা প্রয়োজন।
মজুরি বোর্ডের সামনে শ্রমিকদের বিক্ষোভ
এদিকে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবিতে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা। সংগঠনটির সদস্যরা তাদের দাবির পক্ষে সড়কে কর্মসূচি পালন করছেন।
এফ/ডি