[email protected] বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা হ্রাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ১০:৪৩ এএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এ দর কার্যকর হয়েছে। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় সংগঠনটি।

 

বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। প্রতি গ্রামের দাম পড়বে ১৬ হাজার ৮৭৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম ১১ হাজার ২৮৫ টাকা।

 

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা করা হয়েছিল। তার আগের দিন সোমবারও (২৩ নভেম্বর) ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। তবে রোববার (২২ নভেম্বর) দাম কমেছিল ৬ হাজার ১৮১ টাকা। দুই দফা বৃদ্ধির পর এবার আবারও মূল্য কমাল বাজুস।

 

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেটের ২৫০ টাকা এবং ১৮ ক্যারেটের ২১৫ টাকা রাখা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা।

 

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

 

পুরোনো স্বর্ণালংকার বদলে নতুন অলংকার নেওয়ার ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে নির্ধারিত দামের ওপর ৯ শতাংশ কর্তন করা হবে। আর পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে কর্তনের পরিমাণ ১৫ শতাংশ। এসব লেনদেনে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

 

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের এই নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে।

এফ/ডি

সম্পর্কিত খবর