[email protected] শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেউলিয়া হওয়ার শঙ্কায় দেশের ব্যাংক খাত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ১২:৫২ এএম

সংগৃহীত ছবি

দেশের ব্যাংকিং খাত গভীর সংকটের মুখে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের ব্যাংকগুলোর বড় একটি অংশ কার্যত দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সম্প্রতি বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট।

প্রতিবেদনটিতে ব্যাংক খাতের এই সংকটের পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঋণের অর্থ আত্মসাতের বিষয়গুলোকে দায়ী করা হয়েছে। সাময়িকীটির বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে ব্যাংকিং খাতে প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণ ও অনিয়মের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ জমা হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ আদায় করা কঠিন হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যাংক পরিচালনা এবং ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী অনেক প্রভাবশালী ব্যবসায়ী ও অলিগার্কের কেউ কারাবন্দি হয়েছেন, আবার কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে ব্যাংক খাতের বিদ্যমান সংকট আরও জটিল হয়ে উঠেছে। সাময়িকীটির হিসাবে, বর্তমানে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি ঋণে পরিণত হয়েছে।

এই পরিস্থিতির প্রভাব শুধু ব্যাংকের আর্থিক অবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমানতকারীদের আস্থা, বেসরকারি খাতে বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

অন্যদিকে, ব্যাংকিং খাতের ক্ষতি কাটিয়ে প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিপুল অর্থের প্রয়োজন হলেও সরকারের সেই পরিমাণ অর্থ জোগানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে, খেলাপি ঋণ, আর্থিক অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দেশের ব্যাংকিং খাত বর্তমানে বড় ধরনের পুনর্গঠন ও আস্থা পুনরুদ্ধারের চ্যালেঞ্জের মুখে রয়েছে।

 

এ/এইচ/টি

সম্পর্কিত খবর