সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ দিতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
সরকারি বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং নতুন শিল্পপ্রতিষ্ঠানে অর্থায়নের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন অনেক শিল্পকারখানার যন্ত্রপাতি ও অবকাঠামোর কার্যক্ষমতা দীর্ঘদিন আগেই কমে গেছে।
এসব প্রতিষ্ঠানের অবস্থা পর্যালোচনা করে পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
প্রাথমিকভাবে প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হবে।
নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ এবং ঋণপ্রাপ্তির বিষয়েও সরকার কাজ করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও বাংলাদেশের সামনে বড় সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির সুযোগ এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি।
যথাযথ উদ্যোগ নেওয়া গেলে ভবিষ্যতে বাংলাদেশ চাল রপ্তানির সক্ষমতাও অর্জন করতে পারে।
পেঁয়াজ উৎপাদনের উদাহরণ তুলে ধরে আবদুল মুক্তাদির বলেন, একসময় দেশের চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানি করতে হলেও বর্তমানে দেশীয় উৎপাদন চাহিদার তুলনায় বেশি হচ্ছে।
কৃষির পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পেও বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। এ খাতে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো গেলে কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ/এইচ/টি