[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে কর ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ৬:১১ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসে বাজারে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং ফলের দাম সহনীয় রাখতে তিন ধরনের ফল আমদানিতে শুল্ক-কর সুবিধা দিয়েছে সরকার।

এ তালিকায় রয়েছে খেজুর, আপেল ও কমলা। নতুন সিদ্ধান্তের ফলে এসব ফল আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট হারে শুল্ক ও কর কমবে।

 

সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, খেজুর আমদানির ক্ষেত্রে মূল্যভিত্তিক ৫ শতাংশের বেশি অংশের শুল্ক থেকে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে রমজানকেন্দ্রিক খেজুর আমদানি তুলনামূলক সহজ হবে বলে আশা করা হচ্ছে।

 

অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এক মাসের জন্য শুল্ক-কর ছাড় কার্যকর থাকবে। এ সময় ফল দুটির ওপর আরোপিত নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের অতিরিক্ত অংশ, ২০ শতাংশের বেশি মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক এবং আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

খেজুরের চার ধরনের পণ্য এ সুবিধার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আড়াই কেজি পর্যন্ত মোড়কজাত বা ক্যানজাত তাজা ও শুকনা খেজুর এবং অন্যান্য তাজা ও শুকনা খেজুর। পাশাপাশি নির্ধারিত এইচএস কোডের আওতায় আমদানি করা আপেল ও কমলাও কর ছাড়ের সুবিধা পাবে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশ্লিষ্ট বিধানের ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৩ নভেম্বর জারি করা এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমসের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর