[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক পরিচালনায় নতুন বিধিনিষেধ, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ৩:৩৯ পিএম

সংগৃহীত ছবি

দেশের ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা, পরিচালনা পর্ষদে পারিবারিক আধিপত্য কমানো এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংক ব্যবস্থাপনা গড়ে তুলতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর সংশোধিত খসড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়োগের সুযোগ বন্ধ করা।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে সংশোধনীর খসড়া প্রস্তুত করেছে। অর্থমন্ত্রীর অনুমোদনের পর এটি মন্ত্রিসভায় উপস্থাপনের কথা রয়েছে। প্রস্তাবগুলো অনুমোদিত হলে ব্যাংক পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

খসড়ায় একজন পরিচালকের একই ব্যাংকে একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ সময় ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তিন বছর বিরতিতে থাকতে হবে।

বর্তমানে একজন পরিচালক সর্বোচ্চ ১২ বছর দায়িত্ব পালন করতে পারেন। ২০১৮ সালে পরিচালকদের মেয়াদ ছয় বছর থেকে বাড়িয়ে নয় বছর করা হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালে তা আরও বাড়িয়ে ১২ বছর নির্ধারণ করা হয়েছিল।

পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের অংশগ্রহণ সীমিত করার বিষয়টিও খসড়ায় গুরুত্ব পেয়েছে। বর্তমানে একটি পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য একই ব্যাংকের পরিচালক হতে পারেন। নতুন প্রস্তাবে এ সংখ্যা কমিয়ে দুজনে নামিয়ে আনার কথা বলা হয়েছে। পাশাপাশি একই পরিবারের নিয়ন্ত্রণাধীন বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সংখ্যা দুজনের পরিবর্তে একজন করার প্রস্তাব রয়েছে।

স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০ সদস্যের পর্ষদে বর্তমানে ন্যূনতম তিনজন স্বতন্ত্র পরিচালকের পরিবর্তে চারজন রাখতে হবে। আর ২০ জনের কম সদস্যবিশিষ্ট পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে।

স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রেও নতুন শর্ত যুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে ওই ব্যাংক বা ব্যাংকসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থের সম্পর্ক না থাকার বিধান রাখা হয়েছে।

রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংক পরিচালনা নিশ্চিত করতে মন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণার প্রস্তাব করা হয়েছে।

এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার। তাঁর মতে, ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ত না থাকাই ভালো।

অন্যদিকে ব্যাংকের মালিকানায় দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যদের সম্মিলিতভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কেনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। নতুন প্রস্তাবে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীর যোগ্যতা ও উপযুক্ততা যাচাই করে প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক।

পরিচালক পদ হারানোর পর ব্যাংকের ঋণ পরিশোধের বিষয়েও কঠোরতা আনার প্রস্তাব রয়েছে। খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তির পরিচালক পদ শূন্য হলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া ঋণ বা অগ্রিমের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। ঋণ পুনঃতফসিল কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় নিয়মিত দেখানোর সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি নিতে পারবেন না। বছরে একবারের বেশি এ ধরনের ছুটি নেওয়ার সুযোগও সীমিত করার কথা বলা হয়েছে।

আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও রয়েছে সংশোধনীতে। কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে সেই পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। প্রস্তাব অনুযায়ী, নতুন পর্ষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরও প্রস্তাবিত পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের অংশ আরও বাড়িয়ে মোট সদস্যের ৫০ শতাংশ করার পক্ষে মত দিয়েছেন তিনি।

একই সঙ্গে দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনার সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।

তবে উল্লেখিত পরিবর্তনগুলো এখনো চূড়ান্ত নয়। সংশোধনী খসড়া মন্ত্রিসভার অনুমোদন এবং পরবর্তী আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর